আলিপুরদুয়ার,২২ আগস্ট
তারাপীঠ ও কলকাতার বেসরকারি হোটেলে সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনার পর তৎপর হল আলিপুরদুয়ার জেলা প্রশাসন ও দমকল দফতর। শনিবার আলিপুরদুয়ার শহরের বিভিন্ন বেসরকারি হোটেলে অভিযান চালাল দমকল বাহিনী ও প্রশাসনের আধিকারিকরা।
পরিদর্শনের সময় হোটেলগুলির অগ্নিনির্বাপণ ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা সংক্রান্ত সরঞ্জাম এবং প্রয়োজনীয় কাগজপত্র খতিয়ে দেখা হয়। পাশাপাশি, হোটেলগুলিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা সঠিকভাবে কার্যকর রয়েছে কি না, জরুরি পরিস্থিতিতে অতিথিদের নিরাপদে বের করে আনার ব্যবস্থা রয়েছে কি না—সেসব বিষয়ও পরিদর্শন করেন আধিকারিকরা।
সাম্প্রতিক একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলগুলির অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। সেই পরিপ্রেক্ষিতে আলিপুরদুয়ার শহরের হোটেলগুলিতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতেই এই অভিযান বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

