আলিপুরদুয়ার, ৯ মে :
প্রাণে বাঁচলেন স্কুল ছাত্র। স্কুল ছাত্রকে বাঁচাতে গিয়ে ছয় জন যাত্রীকে নিয়ে উল্টে গেল অটো। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার শামুকতলা রাজ্য সড়কের শামুকতলা চেকপোস্ট সংলগ্ন এলাকায় হোলি লাইট স্কুলের সামনে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে স্কুল থেকে ছেলেকে নিয়ে বের হয়েছেন মা। স্কুলের উল্টা পাশে ছেলেকে দাঁড় করিয়ে রেখে পুনরায় মা চলে গেছেন স্কূলে শিক্ষিকার সঙ্গে কথা বলতে। এরই মধ্যে ক্ষুদে ছাত্র পাকা রাস্তা পার হয়ে স্কুলের দিকে যাওয়ার জন্য দৌড় দিল। ৬ জন যাত্রীকে নিয়ে অটোচালক আলিপুরদুয়ারের উদ্দেশ্যে যাচ্ছিলেন সামনেই পড়ে গেছে ছোট ছাত্রটি। সেই ছাত্রকে বাঁচাতে গিয়েই রাজ্য সড়কের উপরেই উল্টে যায় অটো। যাত্রী সমেত চালক চিৎকার করতে থাকেন বাঁচানোর জন্য। এরপরেই দূরে থাকা মানুষজন এসে যাত্রীদেরকে উদ্ধার করেন অটো থেকে। তবু অটোচালক স্বীকার করে নিয়েছেন ৬ জন যাত্রী ছিলেন তার ড্রাইভিং লাইসেন্স থাকলেও গাড়ির কোন কাগজপত্র নেই। তৎক্ষণাৎ আহতদের উদ্ধার করে শামুকতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ছোট ছাত্র সমেত অটোতে থাকা যাত্রীদের। প্রত্যক্ষদর্শী রাই জানিয়েছেন কপাল জোরে বেঁচে গেছে খুদে ছাত্র তবে সামান্য আঘাত লেগেছে তার। তার চিকিৎসার জন্য শামুকতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয়েছে। আহত যাত্রীদের স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। দুর্ঘটনার খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে এসেছেন শামুকতলা ট্রাফিক অফিসার।

