১১/০৪/২৬,জলপাইগুড়ি
ভোটের মুখে প্রচার সেরে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় তোলপাড় জলপাইগুড়ির ময়নাগুড়ি এলাকা। তিস্তা নদীর চরে দলীয় প্রচার চালিয়ে ফেরার সময় নদীর স্রোতে তলিয়ে নিখোঁজ হয়ে গেলেন এক বিজেপি কর্মী। নিখোঁজ ওই কর্মীর নাম অমল রায় (৩৫)। তিনি ময়নাগুড়ির হেলাপাকড়ি সংলগ্ন বৈকুরগৌর গ্রাম এলাকার বাসিন্দা। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেলে প্রায় ২০ জন বিজেপি কর্মীর একটি দল হেলাপাকড়ি এলাকা থেকে তিস্তা নদী পেরিয়ে ফুলিয়ার চরে ভোট প্রচারে যান। প্রচার শেষ করে বিকেল সাড়ে ৫ টা নাগাদ ফেরার সময় অধিকাংশ কর্মী নৌকায় নদী পার হন। তবে অমল রায় সহ আরও দুইজন পায়ে হেঁটে নদী পার হওয়ার সিদ্ধান্ত নেন। নদীর মাঝপথে হঠাৎ প্রবল স্রোতের মুখে পড়ে যান অমল রায় এবং তলিয়ে যান। তাঁর সঙ্গে থাকা বাকি দুইজন কোনওরকমে তীরে ফিরতে সক্ষম হলেও অমলের আর খোঁজ মেলেনি। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ এবং সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল। নিখোঁজ কর্মীর সন্ধানে নদীতে তল্লাশি অভিযান চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় তৃণমূল ও বিজেপি নেতৃত্ব। পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন শোকে। নিখোঁজ অমল রায়ের বাবা দীনেশ রায় জানান, ভোট প্রচার শেষে বাড়ি ফেরার পথেই তাঁর ছেলে নদীতে তলিয়ে যায়। কয়েক ঘণ্টা কেটে গেলেও এখনও পর্যন্ত তাঁর কোনও সন্ধান মেলেনি। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গভীর উদ্বেগ তৈরি হয়েছে। উদ্ধারকাজ জারি রয়েছে।

