দিনহাটা, ২২ মে :
হাউস ফর অল প্রকল্পে প্রত্যেক উপভোক্তাদের কাছ থেকে বাড়তি ২০ হাজার টাকা করে অবৈধভাবে নিয়েছে দিনহাটা পুরসভা। সেই অর্থ উপভোক্তাদের ফেরতের দাবি সহ নানা দাবিতে দিনহাটা পুরসভা চত্বরে বিক্ষোভ ও ডেপুটেশন দিল সিপিআই(এম)। শুক্রবার এই ডেপুটেশন দেওয়া হয়। এদিনের এই বিক্ষোভ ও ডেপুটেশনের নেতৃত্ব দেন সিপিআই(এম) জেলা নেতা তারাপদ বর্মন, শুভ্রা লোক দাস, দলের দিনহাটা এরিয়া কমিটির সম্পাদক জয় চৌধুরী, প্রবীর পাল, কৃষ্ণা ব্রজবাসী প্রমূখ নেতৃবৃন্দ।
এদিন এই ডেপুটেশন দেবার সময় বক্তব্য রাখতে গিয়ে দলের নেতৃবৃন্দ বলেন, হাউস ফর অল প্রকল্পে দিনহাটা পুরসভায় যে ঘর তৈরি হয়েছে সেই ঘর তৈরীর সময় দিনহাটা পুরসভা অবৈধভাবে উপভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত কুড়ি হাজার টাকা করে নিয়েছে। এই অর্থ না দিতে পারাতে বহু যোগ্য মানুষ যাদের ঘরের প্রয়োজন ছিল তারা বঞ্চিত হয়েছেন। এই অর্থ রীতিমত বোর্ড অফ কাউন্সিলরদের বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী নেওয়া হয়েছে। যেখানে উন্নয়ন তহবিলের নামে অর্থ নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তটাই ছিল সম্পূর্ণ অবৈধ। কাজেই অবিলম্বে অবৈধভাবে নেওয়া এই অর্থ উপভোক্তাদের ফেরত দেওয়া হোক। তারা বলেন, ২০১৫ সালের পর থেকে দিনহাটা পুরসভা দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। পুরসভা সাধারণ মানুষের সমস্যার দিকে তাকায়নি। বর্তমানে পুরসভার পানীয় জল প্রকল্প ভেঙে পড়েছে। পুরসভার অধিকাংশ ওয়ার্ডে সঠিকভাবে পানীয় জল পৌঁছাচ্ছে না। জঞ্জাল ছ
সাফাইয়ের কাজও সঠিকভাবে হচ্ছে না। বক্তাগণ আরো বলেন, দিনহাটা পুরসভার বর্তমান যে বোর্ড রয়েছে সেই বোর্ডের কোন বৈধতা নেই। কারণ এই বোর্ড জনগণের দ্বারা নির্বাচিত বোর্ড নয়। গত পুরসভা ভোটে মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। শাসক দল তৃণমূল কংগ্রেস গুন্ডাবাজি করে পুরসভা বিনা প্রতিদ্বন্দ্বিতায় দখল করেছে এবং এখানে দুর্নীতি কায়েম করেছে। অবিলম্বে এই পুরসভা বোর্ড ভেঙ্গে দেওয়া দরকার।
সিপিআইএম দলের তরফ থেকে এদিন দিনহাটা পুরসভার চেয়ারম্যান অপর্ণা দে নন্দীর হাতে স্মারকলিপি তুলে দেবার সময় সমস্যাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সমস্যাগুলি সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে চেয়ারম্যান আশ্বাস দিয়েছেন। এর আগে প্রমোদ দাশগুপ্ত ভবনের সামন থেকে একটি মিছিল বের হয়। মিছিল সারা শহর পরিক্রমা করে দিনহাটা পুরসভার সামনেই জমায়েত হয়। সেখানে বেশ কিছু সময় বিক্ষোভের পাশাপাশি চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দেওয়া হয়।

