মাথাভাঙ্গা, ১ জুন:
রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পূর্ব ঘোষণামত আজ থেকে শুরু হলো মহিলাদের বিনামূল্যে সরকারি বাসে যাতায়াত। সকাল থেকেই মাথাভাঙ্গা Nbstc বাসস্ট্যান্ডে মহিলা যাত্রীদের ভীড় লক্ষ্য করা যায়। যাতায়াতের সময় কোনো ঝঞ্ঝাট এড়াতে মহিলা যাত্রীদের নিজেদের সাথে একটি বৈধ সরকারি পরিচয়পত্র (যেমন: আধার কার্ড বা ভোটার আইডি) রাখতে হবে। বাসে দায়িত্বরত কন্ডাক্টরকে সেই পরিচয়পত্রটি দেখালেই তিনি বিনামূল্যে একটি ‘জিরো ভ্যালু টিকিট‘ বা শূন্য মূল্যের রসিদ প্রদান করবেন।
এই সুবিধা পেতে গেলে ডিজিটাল স্মার্ট কার্ড বানাতে হবে। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বর্তমানে কোনো কার্ড ছাড়াই যাতায়াত করা যাবে। শুধু আধার কার্ড, ভোটার কার্ড বা যেকোনো বৈধ সরকারি পরিচয়পত্র দেখালেই চলবে। তবে এই সুবিধা পাবেন শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা মহিলারা।
কিছুদিন পর এই প্রকল্পকে আরও সুসংগঠিত করতে চালু হবে ডিজিটাল স্মার্ট কার্ড। কার্ডে থাকবে নাম, ছবি ও কিউআর কোড। কার্ড পেতে নিকটস্থ বিডিও (BDO) বা এসডিও (SDO) অফিসে আবেদন করতে হবে। সঙ্গে লাগবে সাম্প্রতিক ছবি ও পরিচয়পত্রের জেরক্স।
কার্ড তৈরিতে সময় লাগবে বলে শুরুতে কোনো সমস্যা যাতে না হয়, সেজন্য ব্যবস্থা রাখা হয়েছে। বাসে উঠে কন্ডাক্টরকে পরিচয়পত্র দেখালেই তিনি জিরো ভ্যালু টিকিট (শূন্য মূল্যের টিকিট) দিয়ে দেবেন।
এদিকে আজ প্রথম দিনে মহিলা যাত্রীদের ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানোর পাশাপাশি লাড্ডু খাওয়ানো বিজেপির তরফে।যেখানে উপস্থিত ছিলেন বিজেপির কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন নিজে।তার সাথে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গার স্থানীয় বিজেপি নেতৃত্বরাও।
এদিকে বিনামুল্যে বাস যাত্রার পাশাপাশি প্রথম দিনের যাত্রায় বিজেপির পক্ষ থেকে সংবর্ধনা এবং লাড্ডু পেয়ে খুশি মহিলা যাত্রীরাও।

