জলপাইগুড়ি ,২ জুন
বকেয়া পেনশনের দাবিতে মঙ্গলবার জলপাইগুড়ি পুরসভায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হল। এদিন পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের চেম্বারে অবসরপ্রাপ্ত কর্মী সংগঠনের সদস্যরা আলোচনায় বসেন। তবে আলোচনার মাঝেই পরিস্থিতি ক্রমশ সরগরম হয়ে ওঠে। অবসরপ্রাপ্ত কর্মীদের অভিযোগ, গত প্রায় তিন মাস ধরে তারা পেনশন পাচ্ছেন না। বারবার পুরসভাকে বিষয়টি জানানো হলেও কোনও সুরাহা হয়নি। ফলে ক্ষুব্ধ কর্মীরা এদিন চেয়ারম্যানের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং দ্রুত বকেয়া পেনশন মেটানোর দাবিতে সরব হন।বিক্ষোভকারীরা উচ্চস্বরে তাদের দাবি জানাতে থাকেন এবং দীর্ঘক্ষণ ধরে অবস্থান বজায় রাখেন। পরিস্থিতি সামাল দিতে চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানান, মোট প্রায় ২ মাসের পেনশন বকেয়া রয়েছে। চলতি মাসের ১৫ তারিখের মধ্যে অন্তত এক মাসের পেনশন দেওয়ার আশ্বাস দেন তিনি। পাশাপাশি বাকি বকেয়া দ্রুত মিটিয়ে দেওয়ার কথাও বলেন।অন্যদিকে, অবসরপ্রাপ্ত কর্মী সংগঠনের পক্ষ থেকে অঞ্জন ব্যানার্জি জানান, চেয়ারম্যানের সঙ্গে আলোচনায় তারা কোনও সন্তোষজনক আশ্বাস পাননি। বিষয়টি সদর মহকুমা শাসকের কাছে জানানো হবে এবং প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেন তিনি।

