আলিপুরদুয়ার, ৩ জুন:
আলিপুরদুয়ারের বিবেকানন্দ কলেজের প্রিন্সিপালকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল রাজু রায় অধিকারী নামে এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। বুধবার এ ঘটনায় আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কলেজের প্রিন্সিপাল সৃজিত দাস। একই সঙ্গে অভিযুক্ত কর্মীকে কাজ থেকে বরখাস্ত করেছে কলেজ কর্তৃপক্ষ।
কলেজ সূত্রে জানা গিয়েছে, রাজু রায় অধিকারী ২০২২ সালে বিবেকানন্দ কলেজে অস্থায়ী কর্মী হিসেবে যোগদান করেন। অভিযোগ, গত এক বছরে তিনি ১৭১ দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে কলেজ কর্তৃপক্ষ তাঁর কাছে ব্যাখ্যা চাইলেও সন্তোষজনক উত্তর মেলেনি। পরে তাঁকে বৈঠকে ডেকে অনুপস্থিতির কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।
অভিযোগ, কলেজ কর্তৃপক্ষের নির্দেশ মানার পরিবর্তে রাজু রায় অধিকারী কলেজের প্রিন্সিপালকে ফোনে লাগাতার হুমকি দিতে থাকেন। এর পরিপ্রেক্ষিতে কলেজ প্রশাসন তাঁকে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয় এবং থানায় অভিযোগ দায়ের করে।
কলেজের প্রিন্সিপাল সুজিত দাস জানান, দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার পরও রাজু রায় অধিকারীকে কাজে যোগদানের জন্য বারবার বলা হয়েছিল। কিন্তু তিনি তা গুরুত্ব না দিয়ে উল্টে ফোনে ক্ষতি করার হুমকি দিতে থাকেন। সেই কারণেই তাঁকে বহিষ্কার করা হয়েছে এবং আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

