শিলিগুড়ি, ১৮ জুন:
ভরদুপুরে ইস্টার্ন বাইপাস সংলগ্ন জলেরশ্বরী পদ্মপাড়া এলাকায় এক যুবকের আত্মহত্যার চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার একটি কালী মন্দির সংলগ্ন জায়গায় এক যুবক গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে দেন।
স্থানীয়রা জানান, যুবকের নাম মিঠুন সরকার বলে জানা গিয়েছে। দীর্ঘ কয়েক বছর আগে ওই এলাকায় তিনি মা’র সঙ্গে থাকতেন। পরে মা মারা যাওয়ার পর তিনি সেখান থেকে চলে যান বলে স্থানীয়দের দাবি।
আজ হঠাৎ ওই এলাকায় এসে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন ধরিয়ে চিৎকার করতে থাকেন তিনি। চিৎকার শুনে এলাকার বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় আশিঘর ফাঁড়ির পুলিশ ও দমকল বিভাগকে।
পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অগ্নিদগ্ধ যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে পাঠান। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

