শিলিগুড়ি ,
পশ্চিমবঙ্গে নেশা দ্রব্যের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে বিজেপি সরকার।মুখ্যমন্ত্রী ও প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই নেশা দ্রব্য পাচার ও বিক্রির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।সেই নির্দেশ মেনেই রাজ্যের বিভিন্ন জায়গায় লাগাতার অভিযান চালাচ্ছে পুলিশ ও বিশেষ টাস্ক ফোর্স।এরই মধ্যে রাতের অন্ধকারে হাত বদলের আগেই বিপুল পরিমাণ ব্রাউন সুগার সহ ২পাচারকারীকে গ্রেপ্তার করলো পুলিশ।ধৃতদের নাম মহম্মদ সাগির (৫০) এবং মিজানুর রহমান (২২)।মহম্মদ সাগির নকশালবাড়ির বাসিন্দা এবং মিজানুর রহমান মালদা জেলার বৈষ্ণবনগর এলাকার বাসিন্দা।জানা গিয়েছে,রবিবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ির পিসি মিত্তাল বাস টার্মিনাস এলাকায় অভিযান চালায় ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ।সেখানেই মোটরসাইকেল নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল ওই দুই ব্যক্তি।তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে।এরপর তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রায় দেড় কিলোরও বেশি ব্রাউন সুগার।উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য কোটি টাকারও বেশি বলে জানা গিয়েছে।এরপরই দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।সোমবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়।এই পাচার চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা,তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ।*

