শীতলকুচি , ২৩ জুন
গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি কোচবিহার জেলা জুড়েও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকালেও জেলার বিভিন্ন প্রান্তে বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটে। আর সেই বজ্রপাতের জেরে প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বিভিন্ন এলাকায়।
জানা গিয়েছে, কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের শাটিমারি এলাকায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এক মহিলার। মৃতার নাম মেনকা বর্মন। স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টি চলাকালীন মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রাঘাতের শিকার হন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ।এরপর পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা মর্গে পাঠায়।
অন্যদিকে, মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের নিশিগঞ্জ এলাকায় বজ্রাঘাতে আহত হন পিন্টু পাটোয়ারী নামে এক ব্যক্তি। জানা গিয়েছে, বাজার থেকে সাইকেলে করে বাড়ি ফেরার সময় আচমকাই বজ্রপাতের কবলে পড়েন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে নিশিগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এছাড়াও, মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের গোপালপুর ও বৈরাগীরহাট এলাকায় বজ্রপাতে চারটি গরুর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। একের পর এক বজ্রপাতের ঘটনায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে বিভিন্ন এলাকায়।
তবে প্রশাসনের পক্ষ থেকে খারাপ আবহাওয়ার সময় অপ্রয়োজনে খোলা মাঠে বা গাছের নিচে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে।

