মাথাভাঙ্গা , ২৬ জুন
শৌচাগারের বালতির জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো দুই বছরের এক শিশুর। শুক্রবার কোচবিহার জেলার শীতলকুচি ব্লকের গাদোপোতা এলাকায় ঘটে এই হৃদয়বিদারক ঘটনা। মৃত শিশুর নাম আরিয়ান মিয়া। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা পরিবার ও এলাকাজুড়ে।
পরিবার সূত্রে জানা যায়, এদিন বাড়ির মধ্যেই খেলাধুলা করছিল ছোট্ট আরিয়ান। পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির শৌচাগারে ঢুকে পড়ে এবং সেখানে রাখা বালতিভর্তি জলে পড়ে যায়। কিছু সময় পর পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে শৌচাগারে গিয়ে বালতির জলে অচৈতন্য অবস্থায় শিশুটিকে দেখতে পান পরিবারের সদস্যরা।
তড়িঘড়ি তাকে উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের মতে, জলে ডুবে যাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
মাত্র দুই বছরের শিশুর এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে ভেঙে পড়েছে পরিবার। এলাকাবাসীর মধ্যেও নেমে এসেছে গভীর শোকের আবহ। এই ঘটনাকে কেন্দ্র করে ছোট শিশুদের নিরাপত্তা নিয়ে আরও সতর্ক থাকার প্রয়োজনীয়তার কথাও উঠে এসেছে। বিশেষ করে বাড়ির শৌচাগার, রান্নাঘর বা জলভর্তি পাত্রের মতো জায়গাগুলিতে শিশুদের একা না রাখার পরামর্শ দিচ্ছেন অনেকে।

