কোচবিহার,৩রা মে
কোচবিহারের ঘুঘুমারিতে নাবালিকাকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ, তদন্তে পুলিশ
কোচবিহারের ঘুঘুমারি এলাকার হাউয়ার গুড়ি এলাকায় এক নাবালিকাকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনার অভিযোগ উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
অভিযোগ, এক নাবালক ছেলের বিরুদ্ধে ওই নাবালিকার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা এবং শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এরপর অভিযুক্তের পরিবারের সদস্যরা নাবালিকা ও তার মায়ের ওপর মারধর চালায় বলেও দাবি করা হয়েছে।
নাবালিকার মায়ের অভিযোগ, মেয়েকে মারধর করা হয় এবং গুরুতরভাবে আঘাত করা হয়, যার ফলে শারীরিক অসুস্থতা দেখা দেয়। প্রথমে প্রাথমিক চিকিৎসা করানো হলেও অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়াও অভিযোগ উঠেছে, ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য কিছু স্থানীয় ব্যক্তি টাকার প্রলোভন দেখিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করেন।
নাবালিকার পরিবার জানিয়েছে, প্রথমে স্থানীয় পঞ্চায়েতের দ্বারস্থ হলেও কোনও সুরাহা না মেলায় শেষমেশ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং এলাকায় পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।
ঘটনার সত্যতা যাচাই এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে তদন্ত চালাচ্ছে পুলিশ।

