কোচবিহার , ২৬ জুন
কোচবিহারের কোচবিহার-১ ব্লকের পাটছড়া অঞ্চলের ৯৫ নম্বর বুথে কাটমানি ফেরতের দাবিতে উত্তেজনা ছড়াল। বৃহস্পতিবার এলাকার পঞ্চায়েত সদস্য রঞ্জনা রায় সরকারের বাড়ির সামনে বিক্ষোভে সামিল হন স্থানীয় বাসিন্দাদের একাংশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, আবাস যোজনা-সহ একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে তাঁদের কাছ থেকে কাটমানি নেওয়া হয়েছিল। দীর্ঘদিন ধরে সেই টাকা ফেরত না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। এদিন সংগঠিতভাবে পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে জড়ো হয়ে টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখান।
বিক্ষোভ চলাকালীন পঞ্চায়েত সদস্য রঞ্জনা রায় সরকারের সঙ্গে বিক্ষোভকারীদের বাগ্বিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা দ্রুত কাটমানি ফেরত দেওয়া এবং গোটা ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। পাশাপাশি, ভবিষ্যতে এমন অভিযোগের পুনরাবৃত্তি না হয়, সে বিষয়েও প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন স্থানীয়রা।

