মাথাভাঙ্গা৷ , ৮জুলাই
সমবায় সমিতি থেকে ঋণ তুলতে গেলেই দিতে হতো কাটমানি— এমনই গুরুতর অভিযোগ তুলে সেক্রেটারিকে অপসারণের দাবিতে বিডিওর দ্বারস্থ হলেন সমবায় সমিতির সদস্যারা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ, সমবায় সমিতির ভূমিকা সংঘের সেক্রেটারি সুজাতা বর্মন অধিকারীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ঋণ অনুমোদনের ক্ষেত্রে সদস্যাদের কাছ থেকে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে। সদস্যাদের দাবি, তৃণমূল কংগ্রেসের শাসনামলে যখনই কেউ সমিতি থেকে ঋণ তুলতেন, তখনই প্রত্যেকের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা কাটমানি হিসেবে নেওয়া হতো। অভিযোগ অনুযায়ী, সেই টাকা সংগ্রহ করতেন সেক্রেটারি সুজাতা বর্মন অধিকারী, যিনি একসময় তৃণমূল নেত্রী হিসেবেও পরিচিত ছিলেন।
এই অভিযোগের ভিত্তিতে সমিতির ১০ জন সদস্যা একজোট হয়ে মাথাভাঙ্গা ১ ব্লক বিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁদের দাবি, বিষয়টির নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাঁকে অবিলম্বে সেক্রেটারি পদ থেকে অপসারণ করতে হবে।
যদিও এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত সুজাতা বর্মন অধিকারীর কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে সদস্যাদের দাবি।

