দিনহাটা, ২৪ মার্চ :
আধ ঘণ্টার প্রবল ঝড়ে কার্যত লণ্ডভণ্ড হয়ে গেল দিনহাটা শহর ও আশপাশের বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার সকাল ১০টা নাগাদ হঠাৎই কালো মেঘে ঢেকে যায় আকাশ, শুরু হয় ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি। অল্প সময়ের এই দুর্যোগেই একাধিক জায়গায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা সামনে এসেছে।
শহরের জলের ট্যাংকি সংলগ্ন এলাকায় বিদ্যুৎ দপ্তরের অফিসের সীমানা প্রাচীর ভেঙে পড়ে। সেই সঙ্গে এলাকায় থাকা বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি বিপজ্জনকভাবে হেলে পড়ে, যার জেরে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে।
অন্যদিকে, খানাপাড়া এলাকায় একটি বিশাল গাছ উপড়ে পড়ে রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। একই ধরনের ঘটনা ঘটে পাঁচমাথা মোড় সংলগ্ন এলাকায়, যেখানে একটি গাছ ভেঙে বিদ্যুতের তারের ওপর পড়ে পরিস্থিতি আরও জটিল করে তোলে।
সাহেবগঞ্জ রেলগেট এলাকাতেও ঝড়ের তাণ্ডবের প্রভাব পড়ে। সেখানে একটি বড় গাছ ভেঙে পড়ে তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় একজন ব্যক্তি আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
শুধু শহরই নয়, দিনহাটার বিভিন্ন গ্রামীণ এলাকাতেও ঝড়-বৃষ্টির কারণে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঝড় থেমে যাওয়ার পর স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে কাজ শুরু করেছে প্রশাসন।

