শিলিগুড়ি, ১৯ জানুয়ারী :
মাটিগাড়ার তুলসী নগরে দুই পক্ষের সংঘর্ষ, পাথর ছোড়াছুড়িতে আহত একাধিক, মোতায়েন র্যাফ
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের মাটিগাড়া থানা অন্তর্গত তুলসী নগর এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চলে পাথর ছোড়াছুড়ি। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তুলসী নগর এলাকায় একটি মন্দিরকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যেই তা বড় আকার ধারণ করে। উত্তেজিত দুই পক্ষ একে অপরের দিকে পাথর ছুড়তে শুরু করে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী ও র্যাফ মোতায়েন করা হয়। দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশ পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তাঁদের অভিযোগ, বিবাদ চলাকালীন পুলিশ প্রথমে ঘটনাস্থলে এলেও পর্যাপ্ত পুলিশি মোতায়েন না করেই চলে যায়। এরপরই ফের সংঘর্ষ শুরু হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে অতিরিক্ত পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।
ঘটনার পর অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসীরা। বর্তমানে তুলসী নগর এলাকায় পুলিশি পিকেটিং জোরদার করা হয়েছে এবং পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে।

