শিলিগুড়ি, ১৮ ডিসেম্বর :
সরকারি বাসের পেছনে বাইকের ধাক্কা। গুরুতর আহত বাইকের দুই আরোহী। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটে শিলিগুড়ি – জলপাইগুড়ি জাতীয় সড়কে রাজগঞ্জের বলাইগছে। স্থানীয়দের সহযোগিতায় দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বলাইগছে কলেজ মোড়ে সব ধরনের বাসের স্টপেজ রয়েছে। আজ সকালে শিলিগুড়ির থেকে জলপাইগুড়ি অভিমুখী একটি সরকারি বাস কলেজ মোড়ে দাঁড়ায়। সে সময় পিছন পিছন আসা একটি বাইক সজোরে ওই বাসের পিছনে ধাক্কা মারে। এতে বাইকে থাকা দুই আরোহী গুরুতর আহত হয়। তার মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রাজগঞ্জ থানার পুলিশ। দুজনকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের এখনও পরিচয় পাওয়া যায়নি। তবে বাইকের নম্বর WB74 AS6251 । বাস ও বাইক নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্ত করছে রাজগঞ্জ থানার পুলিশ।

