জলপাইগুড়ি, ৮ ফেব্রুয়ারী :
জলপাইগুড়ি শহরের ব্যস্ততম ডিবিসি রোডে রবিবার সন্ধ্যায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি ছোট চার চাকা গাড়ি। দ্রুতগতির গাড়িটি প্রথমে একটি বাইক ও পরে একটি টোটোয় ধাক্কা মেরে রাস্তার পাশে থাকা ফলের দোকানে সজোরে আছড়ে পড়ে। দুর্ঘটনায় বিদ্যুতের খুঁটি ভেঙে যায় এবং দোকানের সব ফল নষ্ট হয়ে কয়েক হাজার টাকার ক্ষতি হয়। অল্পের জন্য প্রাণে বাঁচেন ফল বিক্রেতা আকাশ শাহ, যদিও তাঁর পায়ে আঘাত লাগে। খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ও ট্র্যাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, গাড়ির চালক ও যাত্রীরা নেশাগ্রস্ত ছিলেন।

