দিনহাটা, ৩১ ডিসেম্বর :
বুধবার দিনহাটার ছোট আটিয়াবাড়ী ভাংনী মেলা এলাকায় ময়ূর উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য। জানা গিয়েছে, ছোট আটিয়াবাড়ী ভাংনী মেলা এলাকার জাহিরুল মিঞা এদিন ভোর বেলার দিকে বাড়ীর পেছনে পুকুর পাড়ে শুনতে পান অনেক গুলো কুকুরের আওয়াজ। পরে তিনি বাড়ি থেকে বেরিয়ে দেখতে পান পুকুরের মধ্যে পড়ে রয়েছে একটি ময়ূর। বাড়ীর লোকজন সকলে মিলে কুকুরের থেকে ময়ূর টিকে উদ্ধার করে। খবর ছড়িয়ে পড়তেই এলাকার লোকজন ময়ূর দেখতে ভিড় জমান। পরে বনদপ্তরকে খবর দিলে বনদপ্তরের লোকজন এসে ময়ূরটিকে উদ্ধার করে নিয়ে যায়। তবে কি ভাবে কোথা থেকে ময়ূর টি লোকালয়ে এসেছে তা সঠিক ভাবে জানা যায় নি।

