জলপাইগুড়ি, ১৩ ডিসেম্বর :
নদীতে জলে ডুবে আড়াই বছরের শিশু কন্যার মৃত্যু।বাড়ির সকলে যখন কাজে ব্যস্ত ঠিক সে সময় খেলার ছলে বাড়ির পাশে গিলান্ডি নদীতে জলে ডুবে মৃত্যু হল এক শিশু কন্যার। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি মহকুমার নিরঞ্জন পাঠ মধ্যপাড়া এলাকায়। জানা গিয়েছে, শিশুটির বাবা বিশ্বজিৎ রায় তার দাদার কাছে শিশুটিকে রেখে কাজে যায়। শিশুটি হাটবে বলে কোল থেকে নামিয়ে দেয় শিশুর জ্যেঠু। সে সময় বাড়ির পাশে গিলান্ডি নদীর কাছে শিশুটির মা গরুকে খাবার দিতে যায়। মায়ের পেছন পেছন শিশুটি বাড়ির অন্যান্য শিশুদের সাথে নদীতে যায়। সে সময় সকেলর নজর এড়িয়ে কোন কারণে শিশুটি নদীতে পড়ে যায়। খোঁজাখুঁজির পর নদীতে তার পা ভাসতে দেখা যায়। এরপর নদী থেকে তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে কান্নায় ভেঙে পড়ে মৃতশিশুর পরিবারের সদস্যরা। শিশুর দেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ির মর্গে পাঠানো হবে।

