শিলিগুড়ি, ১৭ ফেব্রুয়ারী :
১৪ তারিখ গভীর রাতে জানালা দিয়ে ঢুকে স্বর্ণালংকার সহ তিনটি মোবাইল ফোন চুরির ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় বাগডোগরা এলাকায়। ১৫ তারিখ বাগডোগরা নিবাসী মাম্পি দে সরকার অভিযোগ দায়ের করলে দ্রুত তৎপর হয় আশিঘর ফাঁড়ি-র পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ৩৭ নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লী সংলগ্ন একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন অভিযোগকারিণী। রাতের বেলায় সবাই ঘুমিয়ে পড়লে সুযোগ বুঝে জানালা দিয়ে স্বর্ণালংকার ভর্তি ব্যাগ ও তিনটি মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায় অজয় মহন্ত।
তদন্তে নেমে পুলিশ ঘুঘুমালি এলাকা থেকে অভিযুক্ত অজয় মহন্তকে গ্রেফতার করে। তার কাছ থেকেই চুরি যাওয়া সমস্ত স্বর্ণালংকার ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আজ ধৃত অজয় মহন্তকে জলপাইগুড়ি আদালত-এ পেশ করা হয়েছে।
এ বিষয়ে এসিপি সোমনাথ দাস জানান, “অভিযোগ পাওয়ার পরই দ্রুত তদন্ত শুরু করা হয়। প্রযুক্তিগত ও স্থানীয় সূত্রের সহায়তায় অল্প সময়ের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনার তদন্ত চলছে।”

