শিলিগুড়ি, ২৮ জানুয়ারী :
ভারত থেকে নেপালে পাচারের আগেই লক্ষাধিক টাকা বাজেয়াপ্ত করে বড় সাফল্য পেল সশস্ত্র সীমা বল (এসএসবি)। শিলিগুড়ির ভারত–নেপাল সীমান্তের পানিট্যাংকি এলাকায় প্রায় ২২ লক্ষ ৫০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনায় পাচারের অভিযোগে চার জনকে আটক করেছে এসএসবি।এসএসবির ৪১তম ব্যাটালিয়নের ‘সি’ কোম্পানির জওয়ানরা নিয়মিত টহল দেওয়ার সময় শনিবার রাত সাড়ে সাতটা নাগাদ পানিট্যাংকির আইসিপি নিউ ব্রিজে একটি চার চাকার গাড়ি তল্লাশি চালান। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে গাড়িটি থামিয়ে তল্লাশি চালাতেই বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধার হয়। গাড়িটি ভারত থেকে নেপালের দিকে যাচ্ছিল বলে জানায় এসএসবি।গাড়ির আরোহীদের কাছ থেকে উদ্ধার হওয়া অর্থ অবৈধভাবে সীমান্ত পার করে পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এই ঘটনায় এসএসবি গাড়িটিও বাজেয়াপ্ত করে।আটক ব্যক্তিদের নাম অমর বাহাদুর থাপা, রাজু কৌসিলা ও ভীম বাহাদুর কৌসিলা—তিনজনই মেঘালয়ের বাসিন্দা। অপর ধৃত প্রেম কুমার সন্ন্যাসী দার্জিলিংয়ের বাসিন্দা।এসএসবি সূত্রে জানানো হয়েছে, উদ্ধার হওয়া নগদ অর্থ, বাজেয়াপ্ত যানবাহন এবং আটক চার জনকে আইনানুগ প্রক্রিয়ার জন্য পানিট্যাংকি শুল্ক দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।উল্লেখ্য, দু’দিন আগেই ভারত–নেপাল সীমান্তে শিলিগুড়ির এক ব্যবসায়ীকে বিপুল পরিমাণ অর্থসহ আটক করেছিল এসএসবি।

