ডুয়ার্স, ২৮ আগস্ট
আশ্বাস মিলেছিল, বৈঠকও হয়েছিল। কিন্তু তারপরেও মেটেনি বকেয়া। সেই অভিযোগকে সামনে রেখে ফের আন্দোলনের পথে ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের নাগেশ্বরী চা বাগানের শ্রমিকরা। শুক্রবার সকালে বাগানের গেটের সামনে পশ্চিমবঙ্গ চা মজদুর সমিতির উদ্যোগে আয়োজিত হয় গেট মিটিং।
প্রায় দুই ঘণ্টা ধরে চলে গেট মিটিং। এরপর শ্রমিকরা কাজে যোগ দেন। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বকেয়া মজুরি পড়ে রয়েছে। পাশাপাশি গ্রাচুইটি এবং সাল ছুটির টাকাও দেওয়া হচ্ছে না। এমনকি সময়মতো মজুরি প্রদান করা হচ্ছে না বলেও বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এর আগেও একই দাবিতে টানা ন’দিন গেট মিটিং করা হয়েছিল। পরবর্তীতে বাগান কর্তৃপক্ষের লিখিত আশ্বাসের ভিত্তিতে আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকি শ্রমিকদের সমস্যা সমাধানের জন্য ত্রিপাক্ষিক বৈঠকও হয়েছিল। তবে সংগঠনের অভিযোগ, আশ্বাস ও বৈঠকের পরেও শ্রমিকদের বকেয়া মেটানো হয়নি।
পশ্চিমবঙ্গ চা মজদুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য খ্রিস্টান খেরিয়া বলেন, বকেয়া মজুরি-সহ অন্যান্য পাওনা মেটানোর বিষয়ে বাগান কর্তৃপক্ষ এর আগেও একাধিকবার লিখিত আশ্বাস দিয়েছে। কিন্তু বাস্তবে সেই আশ্বাস কার্যকর হয়নি। তাই বাধ্য হয়েই ফের আন্দোলন শুরু করা হয়েছে। শ্রমিকদের সমস্ত বকেয়া মেটানো না পর্যন্ত এই আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

