দিনহাটা, ২৫ মে:
গতরাতে ফের বড়সড় সাফল্য সিতাই থানার পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে কোচবিহারের বালাপুকুরী এলাকায় অভিযান চালায় সিতাই থানার পুলিশ। সেই অভিযানে গ্রেফতার করা হয় মহম্মদ মিয়াঁ নামে এক ব্যক্তিকে, যাকে পুলিশ প্রাথমিকভাবে মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত সন্দেহ করছে।
পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১৫০০ বোতল ফেন্সিডিল। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ বাজেয়াপ্ত করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই সীমান্ত লাগোয়া এলাকায় মাদক পাচারের অভিযোগ উঠছিল। এরপরই নজরদারি বাড়ায় সিতাই থানার পুলিশ। আর সেই অভিযানের ফলেই এই বড়সড় সাফল্য বলে মনে করা হচ্ছে।
ধৃত মহম্মদ মিয়াঁর বিরুদ্ধে NDPS আইনে মামলা রুজু করা হয়েছে। আজ তাকে আদালতে তোলা হবে এবং পুলিশ হেফাজতের আবেদন জানানো হতে পারে বলে সূত্রের খবর।
এই বিপুল পরিমাণ ফেন্সিডিল কোথা থেকে আনা হচ্ছিল, কোথায় পাচারের পরিকল্পনা ছিল এবং এর পিছনে আর কারা জড়িত রয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

