ডুয়ার্স, ৪ ফেব্রুয়ারী :
পানীয় জলের দাবিতে ডুয়ার্সের চালসা -মেটেলি রাজ্যসড়ক অবরোধ।পানীয় জল পরিষেবা প্রদানের জন্য ট্যাপকল বসানো হলেও সেই ট্যাপকলে নিয়মিত জল পড়ে না।বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে বহুবার জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ।অবশেষে পানীয় জল প্রদানের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হল এলাকার বাসিন্দারা। ডুয়ার্সের মাটিয়ালি ব্লকের মাটিয়ালি বাতাবাড়ি ১ গ্রাম পঞ্চায়েতের পাহাড়ি এলাকার চালসা পি ডাবলু ডি এলাকার ঘটনা। ওই এলাকায় প্রায় ৮০টি পরিবারের বসবাস। বুধবার সকালে পানীয় জল প্রদানের দাবিতে চালসা – মেটেলি রাজ্য সড়কের পি ডাবলু ডি এলাকায় সড়ক অবরোধ করে জনগন। এদিন সকাল নয়টা থেকে শুরু হয় এই অবরোধ। অবরোধের জেরে সড়কের দুই ধারে বহু যানবাহন আটকে পড়ে। এলাকার ছোট থেকে বড় সকলেই বালতি, কলস নিয়ে সড়ক অবরোধে সামিল হয়।খবর পেয়ে এলাকায় পৌঁছয় মেটেলি থানার পুলিশ। দুই ঘন্টা পর মাটিয়ালি বিডিও অভিনন্দন ঘোষ, মাটিয়ালি বাতাবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েত প্রধান দিপা মিঝার এসে অবরোধকারীদের সাথে কথা বললে অবরোধ উঠে যায়।

