দিনহাটা , ১৮ জুলাই
ভরদুপুরে ফাঁকা বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ টাকা ও সোনার গয়না উধাও।
দিনহাটা শহরের ২ নম্বর ওয়ার্ডের বাবুপাড়া এলাকায় ভরদুপুরে একটি বাড়িতে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাড়িতে কেউ না থাকার সুযোগে দুষ্কৃতীরা নগদ টাকা ও সোনার গয়না নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ির মালিক নন্দগোপাল সাহা শনিবার সকালে কর্মস্থলে চলে যান। পরে জরুরি কাজে তাঁর স্ত্রী কণিকা দে সাহাও বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পর স্কুলপড়ুয়া ছেলেকে নিয়ে বাড়ি ফিরে তিনি দেখেন, ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে এবং আলমারির দরজা খোলা। তাঁর অভিযোগ, আলমারিতে রাখা প্রায় ২৫ হাজার টাকা এবং সোনার গয়না চুরি হয়েছে।
পরিবারের দাবি, দুপুর ১২টা থেকে দেড়টার মধ্যেই চুরির ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে দিনহাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। কীভাবে দুষ্কৃতীরা বাড়িতে প্রবেশ করল এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, এর আগেও বাবুপাড়া এলাকায় একই ধরনের চুরির ঘটনা ঘটেছিল। সম্প্রতি দিনহাটা শহরের বিভিন্ন এলাকায় একাধিক চুরির অভিযোগ সামনে আসায় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।

