মাথাভাঙা , ৪ আগস্ট
মাথাভাঙা শহরে এক বিরল এবং আনন্দের ঘটনার সাক্ষী থাকলেন চিকিৎসক থেকে শুরু করে সাধারণ মানুষ। রবিবার গভীর রাতে মাথাভাঙা শহরের একটি বেসরকারি নার্সিংহোমে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন মাথাভাঙা-১ ব্লকের ছাট খাটের বাড়ি এলাকার এক গৃহবধূ। নবজাতকদের মধ্যে রয়েছে দুটি কন্যাসন্তান ও একটি পুত্রসন্তান। বিরল এই সুখবর ছড়িয়ে পড়তেই পরিবার, আত্মীয়-স্বজন এবং প্রতিবেশীদের মধ্যে আনন্দের জোয়ার নেমে আসে।
চিকিৎসক সূত্রে জানা গিয়েছে, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা. অভিনব চক্রবর্তী এবং শিশু বিশেষজ্ঞ ডা. অর্ক প্রভ আচার্য-এর তত্ত্বাবধানে অত্যন্ত সতর্কতার সঙ্গে সফলভাবে প্রসব সম্পন্ন হয়। চিকিৎসকরা জানান, মা ও তিন নবজাতকই বর্তমানে সুস্থ রয়েছেন এবং চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও জানানো হয়েছে।
চিকিৎসকদের মতে, স্বাভাবিকভাবে একসঙ্গে তিন সন্তানের জন্মের ঘটনা খুবই বিরল। তবে আধুনিক চিকিৎসা ব্যবস্থা, সময়মতো সঠিক সিদ্ধান্ত এবং দক্ষ চিকিৎসক দলের তৎপরতার ফলে মা ও শিশুদের নিরাপদে প্রসব করানো সম্ভব হয়েছে।
এদিকে, সংশ্লিষ্ট বেসরকারি নার্সিংহোমের মালিক জানান, প্রতিষ্ঠার ২১ বছরের ইতিহাসে এই প্রথম তাদের নার্সিংহোমে একসঙ্গে তিন সন্তানের জন্মের ঘটনা ঘটল। তাই এই ঘটনাটি নার্সিংহোমের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কাছেও অত্যন্ত স্মরণীয় হয়ে থাকবে।
এই বিরল সুখবর জানাজানি হতেই পরিবারের সদস্যরা চিকিৎসক ও নার্সিংহোমের সমস্ত স্বাস্থ্যকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি এলাকার বাসিন্দারাও নবজাতক তিন শিশুর সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেছেন। মাথাভাঙার এই ঘটনা নিঃসন্দেহে এলাকাবাসীর কাছে এক আনন্দঘন ও স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

