আলিপুর , ২১ মে
আলিপুরদুয়ার শহরের হোটেল ও বিভিন্ন খাবারের দোকানে বৃহস্পতিবার আচমকাই অভিযান চালাল খাদ্য দপ্তরের কর্মকর্তারা। খাবারের মান, স্বাস্থ্যবিধি এবং দোকানগুলির পরিষ্কার-পরিচ্ছন্নতা খতিয়ে দেখতেই এই বিশেষ পরিদর্শন অভিযান চালানো হয়।
এদিন শহরের একাধিক হোটেলে গিয়ে আধিকারিকরা রান্নাঘর থেকে শুরু করে খাবার পরিবেশনের ব্যবস্থা পর্যন্ত সবকিছুই বিস্তারিতভাবে পরীক্ষা করেন। শুধু হোটেলই নয়, বিভিন্ন খাবারের দোকান ও বিস্কুটের দোকানেও চলে তল্লাশি। দোকানে উপস্থিত খরিদ্দারদের সঙ্গেও কথা বলেন আধিকারিকরা, তাদের অভিজ্ঞতা ও খাবারের মান নিয়ে মতামতও শোনা হয়।
পরিদর্শনের সময় কয়েকটি দোকানে মেয়াদোত্তীর্ণ বিস্কুট ও কুরকুরে জাতীয় পণ্য পাওয়া যায় বলে জানা গেছে। এই ঘটনায় সংশ্লিষ্ট দোকান মালিকদের সতর্কবার্তা দেন খাদ্য দপ্তরের আধিকারিকরা এবং ভবিষ্যতে নিয়ম ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
আধিকারিকরা আরও জানান, আগামী সাত দিনের মধ্যে আবারও এই এলাকায় পরিদর্শন চালানো হবে এবং পরিস্থিতি আরও কড়া নজরদারিতে রাখা হবে। খাদ্যের গুণমান বজায় রাখা ও জনস্বাস্থ্যের সুরক্ষাই এই অভিযানের মূল উদ্দেশ্য বলে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে।

