শিলিগুড়ি, ১০ মার্চ :
শহরে খাদ্যের গুণমান ও স্বাস্থ্যবিধি বজায় রাখতে ফের অভিযান চালাল খাদ্য সুরক্ষা দপ্তর। মঙ্গলবার শিলিগুড়ি প্রধান নগর সংলগ্ন এলাকার বিভিন্ন রেস্তোরাঁ ও খাবারের দোকানে হঠাৎ করে এই অভিযান চালানো হয়।
জানা গিয়েছে, এদিন খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা দলবল নিয়ে এলাকায় একাধিক রেস্তোরাঁ, হোটেল ও ছোট খাবারের দোকানে পরিদর্শন করেন। অভিযানের সময় রান্নাঘরের পরিচ্ছন্নতা, খাবার সংরক্ষণের পদ্ধতি, ব্যবহৃত কাঁচামালের মান এবং লাইসেন্স সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখা হয়।
কিছু দোকানে স্বাস্থ্যবিধি ঠিকমতো মানা হচ্ছে কি না, তা নিয়েও সতর্কবার্তা দেওয়া হয় বলে সূত্রের খবর। পাশাপাশি কয়েকটি দোকান থেকে খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
খাদ্য সুরক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের কাছে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার পৌঁছে দিতে এই ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে। কোথাও নিয়ম ভঙ্গের প্রমাণ মিললে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
এই অভিযানের জেরে প্রধান নগর সংলগ্ন এলাকার রেস্তোরাঁ ও খাবারের দোকানগুলির মধ্যে কিছুটা চাঞ্চল্য ছড়ায়। তবে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

