জলপাইগুড়ি, ২৭ ফেব্রুয়ারি :
দরিদ্র ও অসহায় মানুষের চক্ষু চিকিৎসার লক্ষ্যে এক মানবিক উদ্যোগ নিল জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম। আশ্রমের উদ্যোগে শুক্রবার আয়োজিত হল বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ছানি চিকিৎসা শিবির। শিলিগুড়ির গ্রেটার আই হাসপাতাল-এর সহযোগিতায় শিবিরটি অনুষ্ঠিত হয় আশ্রম প্রাঙ্গণে। শিবিরে আগতদের বিনামূল্যে চোখের পরীক্ষা করা হয়। যাঁদের ছানি ধরা পড়ে, তাঁদের প্রয়োজন অনুযায়ী চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি রক্তচাপ ও রক্তে শর্করার পরীক্ষাও করা হয়। দরিদ্র ও প্রান্তিক এলাকার বহু মানুষ এদিন শিবিরে এসে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করেন। প্রয়োজন অনুসারে বিনামূল্যে ওষুধ ও চশমাও বিতরণ করা হয়। এ বিষয়ে আশ্রমের অধ্যক্ষ স্বামী শিবপ্রেমানন্দজি মহারাজ জানান, রামকৃষ্ণ মিশন আশ্রম নিয়মিতভাবে বিভিন্ন স্বাস্থ্য ও সমাজসেবামূলক কর্মসূচি পরিচালনা করে থাকে। চলতি মাসে এটি দ্বিতীয় চক্ষু পরীক্ষা শিবির। আগামী দিনেও এ ধরনের মানবকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।
“মানবসেবাই ঈশ্বরসেবা”—এই আদর্শকে সামনে রেখেই আশ্রমের এমন উদ্যোগ বলে জানান কর্তৃপক্ষ।

