দিনহাটা ,৬ জুন
দিনহাটা ১ নম্বর ব্লকের ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খারিজা ফলিমারী এপি বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। আক্রান্ত শিক্ষক মলয় মণ্ডল বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার দুপুর নাগাদ দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই আক্রান্ত শিক্ষক অভিযোগ করেন, কয়েকজন স্থানীয় বাসিন্দা বিদ্যালয়ে এসে বিভিন্ন সার্টিফিকেটের দাবি জানান। সেই সময় শিক্ষক মলয় মণ্ডল তাঁদের প্রয়োজনীয় নথি পাওয়ার জন্য লিখিত আবেদন জমা দিতে বলেন। অভিযোগ, আবেদনপত্র বিদ্যালয় কর্তৃপক্ষকেই লিখে দেওয়ার দাবি করা হলে তা নিয়ে বচসা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে শিক্ষককে মারধর করা হয় বলে অভিযোগ।
ঘটনার পর আহত শিক্ষককে দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় শিক্ষক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষকরা। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষিকাদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

