জলপাইগুড়ি , ১ আগস্ট
পম্পি সূত্রধর আবারও মানবিকতার এক অনন্য নজির গড়লেন। নিজের জন্মদিন বন্ধু-বান্ধব বা পরিবারের সঙ্গে উদযাপন না করে তিনি পালন করলেন জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাংকে। উত্তরবঙ্গজুড়ে রক্তের প্রয়োজনে পরিচিত এই ‘রক্তকন্যা’ সারা বছরই অসহায় মানুষের পাশে দাঁড়ান। জন্মদিনেও সেই সামাজিক দায়বদ্ধতাকেই অগ্রাধিকার দিয়ে তিনি একদল রক্তদাতাকে নিয়ে ব্লাড ব্যাংকে উপস্থিত হন এবং তাদের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান করান। শুধু তাই নয়, ব্লাড ব্যাংকে উপস্থিত রোগীর পরিজনদের নিজের হাতে কেক খাইয়ে জন্মদিনের আনন্দ ভাগ করে নেন। তার এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ব্লাড ব্যাংকের কর্মী ও রোগীর পরিবারের সদস্যরা।
পম্পি সূত্রধর জানান, থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের জন্য নিয়মিত রক্তের প্রয়োজন হয়। পাশাপাশি ব্লাড ব্যাংকে রক্তের ঘাটতি পূরণ করাও তার অন্যতম লক্ষ্য। তিনি মনে করেন, রেস্তোরাঁয় আয়োজন করে জন্মদিন উদযাপনের বদলে যদি বন্ধুরা রক্তদান করেন, তাহলে একাধিক রোগীর জীবন বাঁচানো সম্ভব। তার কথায়, “রক্তদান জীবনদান। মানুষের পাশে দাঁড়ানোই আমার জন্মদিনের সবচেয়ে বড় আনন্দ।” মানবিক এই উদ্যোগ সমাজের কাছে এক অনুকরণীয় বার্তা হয়ে উঠেছে।

