কোচবিহার , ৯ জুলাই
কোচবিহার পৌরপতির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, অন্নপূর্ণা যোজনা নিয়ে ক্ষোভ বাসিন্দাদের
অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বহু উপভোক্তা বঞ্চিত হওয়ার অভিযোগে এবার কোচবিহার পৌরসভার পৌরপতি দিলীপ সাহার পদত্যাগের দাবিতে সরব হলেন পৌর এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার কোচবিহার পৌর এলাকার একাধিক ওয়ার্ডের মহিলারা পৌরসভায় বিক্ষোভ প্রদর্শন করে পৌরপতির পদত্যাগের দাবি জানান।
বিক্ষোভকারীদের অভিযোগ, পৌর এলাকার কিছু বাসিন্দা অন্নপূর্ণা যোজনার আর্থিক সুবিধা পেলেও অধিকাংশ যোগ্য মহিলা এখনও সেই টাকা পাননি। পাশাপাশি অন্নপূর্ণা যোজনার সার্ভে প্রক্রিয়ায় পক্ষপাতিত্বের অভিযোগও তোলেন তাঁরা। তাঁদের দাবি, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পুনরায় সমীক্ষা করে প্রকৃত উপভোক্তাদের প্রাপ্য সুবিধা নিশ্চিত করতে হবে।
অন্যদিকে বিজেপি নেতৃত্বের অভিযোগ, নির্বাচন-পরবর্তী সময়ে পৌরপতি-সহ অধিকাংশ কাউন্সিলর নিয়মিত পৌরসভায় উপস্থিত থাকছেন না। এর ফলে নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে এবং সাধারণ মানুষ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই অবিলম্বে পৌরপতি-সহ সংশ্লিষ্ট কাউন্সিলরদের পদত্যাগের দাবি জানায় বিজেপি।
ঘটনাকে কেন্দ্র করে এদিন কোচবিহার পৌরসভা চত্বরে উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়।

