মাথাভাঙ্গা ,২৭ জুলাই
মাথাভাঙ্গায় একটি বেসরকারি ঋণ সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগকে কেন্দ্র করে সোমবার ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা শহর সংলগ্ন পঞ্চানন মোড় এলাকায়, যেখানে ক্ষুব্ধ ঋণগ্রহীতারা সংস্থার অফিসের সামনে বিক্ষোভে সামিল হন।
অভিযোগ, মাথাভাঙ্গা পচাগড় গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক ব্যক্তি ওই বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়েছিলেন। তাঁদের দাবি, নির্ধারিত নিয়ম অনুযায়ী ঋণের সম্পূর্ণ টাকা পরিশোধ করার পর যখন তাঁরা এন,ও,সি নিতে অফিসে যান, তখন সংস্থার পক্ষ থেকে জানানো হয় যে ঋণের সম্পূর্ণ অর্থ এখনও পরিশোধ করা হয়নি।
অভিযোগকারীদের মধ্যে মাথাভাঙ্গা পঞ্চানন মোড় এলাকার বাসিন্দা হিরু সরকার জানান, গত কয়েক মাস ধরে তাঁকে বারবার হয়রানির শিকার হতে হচ্ছে। তাঁর দাবি, ঋণের সমস্ত কিস্তি পরিশোধ করার পরও এন,ও,সি দেওয়া হচ্ছে না। একই ধরনের অভিযোগ করেছেন আরও বহু ঋণগ্রহীতা।
এদিন ক্ষুব্ধ গ্রাহকরা সংস্থার অফিসের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বিষয়টি নিয়ে অফিসের ম্যানেজারের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
ঘটনার পর এলাকায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। একসময় চিটফান্ড সংস্থার প্রতারণার শিকার হয়ে বহু সাধারণ মানুষ সর্বস্ব হারিয়েছিলেন। সেই ঘটনার স্মৃতি এখনও মানুষের মনে তাজা। ফলে নতুন করে বেসরকারি ঋণ সংস্থাগুলির বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। অনেকের প্রশ্ন, সাধারণ মানুষকে প্রতারণার নতুন ফাঁদে ফেলতেই কি কিছু বেসরকারি সংস্থা এভাবে কাজ করছে?
তবে এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বেসরকারি ঋণ সংস্থার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

