শিলিগুড়ি ,২৭ জুন
উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের নতুন স্টেডিয়াম তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী ইন্দ্রনীল খাঁ । শনিবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের পরিদর্শনে এসে তিনি জানান, নতুন স্টেডিয়াম নির্মাণের আগে উত্তরবঙ্গের ক্রীড়া জগতের দুই পরিচিত মুখ রিচা ঘোষ এবংঋদ্ধিমান সাহার সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিন মন্ত্রী কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মাঠ, গ্যালারি এবং অন্যান্য পরিকাঠামো ঘুরে দেখেন। পরিদর্শনের পর তিনি জানান, বর্তমান স্টেডিয়ামের অবস্থা অত্যন্ত বেহাল এবং দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাবে পরিকাঠামো ভেঙে পড়েছে। স্টেডিয়ামের চারপাশ আগাছায় ভরে গিয়েছে এবং অনেক অংশই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।
মন্ত্রী বলেন, উত্তরবঙ্গের খেলাধুলার উন্নয়নের কথা মাথায় রেখেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। শুধু পুরনো স্টেডিয়ামের সংস্কার নয়, আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন আরও একটি আন্তর্জাতিক মানের স্টেডিয়াম গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর ফলে উত্তরবঙ্গের খেলোয়াড়রা আরও ভালো পরিকাঠামো পাবে এবং জাতীয়-আন্তর্জাতিক স্তরের প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলবে।

