নিজস্ব সংবাদদাতা, ১৬ এপ্রিল :
২০২৬ এর বিধানসভা নির্বাচনকে ঘিরে SIR সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত । কোর্ট জানিয়েছে, অ্যাপিলেট ট্রাইবুনাল ২১ এপ্রিল এবং ২৭ এপ্রিলের মধ্যে যাদের নাম নিষ্পত্তি পাবে তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। ‘ইনক্লুশন’ এবং ‘এক্সক্লুশন’ —দুই ক্ষেত্রেই ট্রাইবুনালের সিদ্ধান্ত কার্যকর হবে। যাদের আবেদন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে তাদের নাম তালিকায় যোগ করতে আর যাঁদের আবেদন খারিজ হবে, তাঁদের ক্ষেত্রে পূর্বের সিদ্ধান্তই বহাল থাকবে।
এছাড়াও, ECI-কে নির্দেশ দেওয়া হয়েছে ২১ এপ্রিলের মধ্যে প্রথম দফার এবং ২৭ এপ্রিলের মধ্যে দ্বিতীয় দফার জন্য সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে। এই মামলার পরবর্তী শুনানি হবে ২৪ এপ্রিল।
কোয়ারাইশা ইয়াসমিনের দায়ের করা মামলার শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবীকে একাধিক কঠিন প্রশ্নের মুখে পড়তে হয় প্রধান বিচারপতির বেঞ্চে। বিচারপতি জয়মাল্য বাগচি স্পষ্টভাবে উল্লেখ করেন, ভোটাধিকার শুধু একটি সাংবিধানিক অধিকার নয়, এটি নাগরিকদের আবেগ ও গণতান্ত্রিক অংশগ্রহণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
এই নির্দেশের ফলে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় আরও স্বচ্ছ হবে বলেই আশা করা হচ্ছে।

