শিলিগুড়ি, ২৮ ফেব্রুয়ারি :
আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ স্বপ্না বর্মন গত দু’দিন আগেই All India Trinamool Congress-এ যোগদান করেছেন। তাঁর এই সিদ্ধান্তে রাজ্যের রাজনৈতিক মহলে যথেষ্ট চর্চা শুরু হয়েছে। ক্রীড়া ময়দান থেকে এবার সক্রিয় রাজনীতির মঞ্চে তাঁর পদার্পণ বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। শনিবার কলকাতা থেকে Vande Bharat Express-এ করে শিলিগুড়ি পৌঁছান স্বপ্না বর্মন। স্টেশনে নামতেই দলীয় কর্মী-সমর্থকদের ভিড় দেখা যায়। ফুলের তোড়া ও উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে তাঁকে স্বাগত জানানো হয়। সেখান থেকে তিনি যান কানকাটা মোড়ের দলীয় কার্যালয়ে। অফিস প্রাঙ্গণেও তাঁকে ঘিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। উপস্থিত কর্মীরা শুভেচ্ছা জানিয়ে তাঁর রাজনৈতিক যাত্রার সাফল্য কামনা করেন। স্বপ্না বর্মনকে দলে পেয়ে তৃণমূল কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে বলে দলীয় সূত্রের দাবি। ক্রীড়া জগতের পরিচিত মুখ রাজনীতিতে আসায় সংগঠনের শক্তি আরও বাড়বে বলেই আশা প্রকাশ করেছেন নেতৃত্ব।

