মাথাভাঙ্গা ,১ আগস্ট
দীর্ঘদিন ধরে রাজ্যে বন্ধ থাকা গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের পর এবার নতুন উদ্যোগে ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্পের কাজ শুরু হলো মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ছাট খাটের বাড়ি এলাকায়। প্রথম দিনের কাজের শুভ সূচনাকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আবহ তৈরি হয় এবং শ্রমিকদের মধ্যেও দেখা যায় উৎসাহ ও আশার সঞ্চার।
শনিবার সকালে ধর্মীয় আচার পালনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। প্রথমে পূজা অনুষ্ঠিত হয়, এরপর ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর উপস্থিত সকলের মধ্যে লাড্ডু বিতরণ করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা–১ পঞ্চায়েত সমিতির সদস্য বাবু বর্মন ও বিপিন বর্মন, স্থানীয় মণ্ডলের সম্পাদক মহাদেব বর্মন-সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
বিজেপি নেতা মহাদেব বর্মন দাবি করেন, পূর্ববর্তী সময়ে গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে দুর্নীতির অভিযোগ ওঠায় সেই কাজ দীর্ঘদিন বন্ধ ছিল। তাঁর বক্তব্য, সাধারণ মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং গ্রামীণ এলাকায় শ্রমভিত্তিক কাজের মাধ্যমে মানুষের আয় নিশ্চিত করার লক্ষ্যেই কেন্দ্র সরকার নতুনভাবে ‘ভিবি জি রামজি’ নামে ১২৫ দিনের কর্মসংস্থান প্রকল্প চালু করেছে। সেই প্রকল্পের আওতায় ছাট খাটের বাড়ি এলাকায় আজ প্রথম কাজের শুভ সূচনা করা হলো।

