শিলিগুড়ি, ১৭ ডিসেম্বর :
রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পকে সাধারণ মানুষের কাছে আরও সহজভাবে তুলে ধরতেই শিলিগুড়িতে শুরু হল ‘উন্নয়নের পাঁচালী’ নামক বিশেষ ট্যাবলো প্রচার। বৃহস্পতিবার এই ট্যাবলোর সূচনা উপলক্ষে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতাম দেব। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র, পুরনিগমের একাধিক কাউন্সিলর ও আধিকারিকরা।
মেয়র গৌতাম দেব জানান, রাজ্য সরকারের জনকল্যাণমূলক প্রকল্প—যেমন স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজ সাথী, খাদ্যসাথী সহ একাধিক প্রকল্পের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ। ‘উন্নয়নের পাঁচালী’ ট্যাবলোটি শিলিগুড়ি পুরনিগম এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি ডাবগ্রাম-ফুলবাড়ী ও সংলগ্ন আরও বেশ কয়েকটি এলাকায় পরিক্রমা করবে। মেয়র আরও বলেন, আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এই প্রচার অভিযান চলবে। এই সময়ের মধ্যে প্রতিটি ওয়ার্ড ও জনবহুল এলাকায় গিয়ে রাজ্য সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরা হবে। তাঁর বক্তব্য অনুযায়ী, উন্নয়নের কাজ শুধু করা নয়, সেই উন্নয়নের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়াও সমান গুরুত্বপূর্ণ।

