জলপাইগুড়ি , ২১ মে
ভোররাতের ব্যাপক ঝড়-বৃষ্টিতে ব্যাহত হল ট্রেন চলাচল। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল দীঘাগামী পাহাড়িয়া এক্সপ্রেস।
হলদিবাড়ি স্টেশন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর প্রায় সোয়া ৪টা নাগাদ ট্রেনটি হলদিবাড়ি স্টেশন থেকে এনজিপির উদ্দেশ্যে রওনা দেয়। মন্ডলঘাট স্টেশনের কাছে পৌঁছতেই ট্রেনটি প্রবল ঝড়ের কবলে পড়ে।
ট্রেনের লোকো পাইলট আর পি সাহ জানান, দূর থেকে তিনি দেখতে পান মন্ডলঘাট রেলগেট সংলগ্ন এলাকায় রেললাইনের উপর একটি গাছ পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেনটি থামিয়ে দেন। ফলে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
প্রত্যক্ষদর্শী বাবলু রায়ের দাবি, স্টেশন এলাকায় ট্রেনের উপর থাকা ওভারহেড বিদ্যুতের তারে একটি বটগাছের ডাল ভেঙে পড়ে। এরপরই সেখানে আগুনের ফুলকি ছড়াতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি দাঁড়িয়ে যায়।
ঘটনার পর ওভারহেড তারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর জেরে সকালে লোকাল প্যাসেঞ্জার ট্রেন-সহ বামনহাট ও বালুরঘাট এক্সপ্রেস নির্ধারিত সময়ে হলদিবাড়ি স্টেশন থেকে যাত্রা শুরু করতে পারেনি। বহু যাত্রী স্টেশনে এসে দুর্ভোগের শিকার হন এবং অনেকে ফিরে যান।
ইতিমধ্যেই ঘটনাস্থলে একটি উদ্ধারকারী ইঞ্জিন পৌঁছে ওভারহেড তারের উপর পড়ে থাকা গাছ সরানোর কাজ শুরু করেছে। পাশাপাশি দ্রুত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার কাজও চলছে।

