কোচবিহার, ২৯ অক্টোবর:
দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে বসবাস, এবার কি ছাড়তে হবে সেই ঘরবাড়ি? রেলের উচ্ছেদের নোটিশ ঘিরে চরম দুশ্চিন্তায় কোচবিহার স্টেশন সংলগ্ন ১০ নম্বর ওয়ার্ডের রেলবস্তির বাসিন্দারা। অভিযোগ, রেলের পক্ষ থেকে দেওয়া নোটিশে মাত্র ১০ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জায়গা খালি না করলে উচ্ছেদ করা হবে বলে জানানো হয়েছে। এই নোটিশ সামনে আসতেই নিজেদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে পড়েছেন এলাকার প্রায় ৫০টি পরিবার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোচবিহার স্টেশন সংলগ্ন ১০ নম্বর ওয়ার্ডের এই রেলবস্তিতে দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে বসবাস করছেন বহু পরিবার। তাঁদের মধ্যে কেউ টোটো চালিয়ে, কেউ দিনমজুরের কাজ করে সংসার চালান। প্রতিদিনের রোজগারের উপর নির্ভর করেই চলে পরিবারগুলির জীবনযাপন। অনেক বাড়িতেই রয়েছে ছোট ছোট শিশু। এই পরিস্থিতিতে মাত্র ১০ দিনের মধ্যে বসতবাড়ি ছেড়ে অন্যত্র চলে যাওয়ার আশঙ্কা তাঁদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে।
উচ্ছেদের নোটিশের প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখান রেলবস্তির বাসিন্দারা। তাঁদের প্রশ্ন, এত অল্প সময়ের মধ্যে পরিবার-পরিজন নিয়ে কোথায় যাবেন তাঁরা? হঠাৎ করে মাথার ছাদ হারানোর আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন অনেকেই। বাসিন্দাদের দাবি, উচ্ছেদের আগে তাঁদের সমস্যার কথা বিবেচনা করে বিকল্প ব্যবস্থা করা হোক এবং বাড়তি সময় দেওয়া হোক।
এই পরিস্থিতিতে জেলা প্রশাসন, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্থানীয় বিধায়কের কাছে হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন বাসিন্দারা। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে বসবাস করা পরিবারগুলির ভবিষ্যতের কথা মাথায় রেখে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনা করা প্রয়োজন।
একদিকে রেলের উচ্ছেদের নোটিশ, অন্যদিকে মাথার ছাদ হারানোর আশঙ্কা—সব মিলিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে কোচবিহারের ১০ নম্বর ওয়ার্ডের রেলবস্তির পরিবারগুলির। বাসিন্দাদের এই প্রতিবাদ ও আবেদনের পর রেল কর্তৃপক্ষ এবং প্রশাসন কী পদক্ষেপ করে, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন তাঁরা।

