শিলিগুড়ি, ৮ জুলাই:
সমাজের প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি বন্যপ্রাণ সংরক্ষণ ও জনসচেতনতার বার্তা ছড়িয়ে দিতে বুধবার দার্জিলিং জেলার গুলমা চা বাগানে অনুষ্ঠিত হল এক ব্যতিক্রমী সামাজিক উদ্যোগ। শিলিগুড়ি বন্ধুচল ওয়েলফেয়ার অর্গানাইজেশন-এর উদ্যোগে আয়োজিত মেগা হেলথ চেকআপ ক্যাম্প এবং সাপ সচেতনতা কর্মসূচি ঘিরে সকাল থেকেই এলাকায় উৎসাহের পরিবেশ তৈরি হয়।
এই শিবিরে এলাকার শতাধিক বাসিন্দা বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবার সুবিধা গ্রহণ করেন। সাধারণ স্বাস্থ্য পরীক্ষা, চক্ষু পরীক্ষা, রক্তচাপ ও রক্তে শর্করা পরীক্ষা, ফুসফুসের কার্যক্ষমতা (PFT) পরীক্ষা, চিকিৎসকদের পরামর্শ এবং দীর্ঘমেয়াদি রোগ সংক্রান্ত বিশেষজ্ঞের পরামর্শ দেওয়া হয়। বিশেষ করে চা বাগানের শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা এই উদ্যোগের ফলে উপকৃত হন।
স্বাস্থ্য শিবিরের পাশাপাশি অনুষ্ঠিত সাপ সচেতনতা কর্মসূচি ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। কর্মসূচিতে সাপ সম্পর্কে প্রচলিত ভুল ধারণা দূর করা, সাপের কামড়ের পর কী করণীয়, বিষধর ও নির্বিষ সাপ চেনার উপায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত বাসিন্দারা আগ্রহের সঙ্গে এই সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এই মানবিক উদ্যোগ সফল করতে Marwari Yuva Manch, Sevoke Sakha প্রধান স্পনসর হিসেবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। এছাড়াও Ashish Church Ministry, ACM, Azmi Care, FWN Foundation, সাপ বাঁচাও মানুষ বাঁচাও রাজ্য সমন্বয় সমিতি-সহ একাধিক সংগঠন এবং বিভিন্ন সংবাদমাধ্যম অনুষ্ঠানটির সহযোগী হিসেবে যুক্ত ছিল।
আয়োজকদের বক্তব্য, শুধু স্বাস্থ্য পরিষেবা প্রদান নয়, সমাজে সচেতনতা বৃদ্ধি এবং মানুষকে প্রকৃতি ও বন্যপ্রাণ সংরক্ষণের গুরুত্ব বোঝানোই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে এ ধরনের জনকল্যাণমূলক স্বাস্থ্য শিবির ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হবে বলেও জানিয়েছেন উদ্যোক্তারা।

