শিলিগুড়ি, ৯ ডিসেম্বর :
নেপালে ইটভাটায় কাজে যাওয়ার পথে দূর্ঘটনার কবলে পড়ল শ্রমিকবোঝাই বুলেরো। নয়নজুলিতে পড়ে মৃত ১, আহত শিশু সহ আরো ৮। মঙ্গলবার নকশালবাড়ির এশিয়ান হাইওয়ে সড়কের কোয়ার্টার মোড়ের ভয়াবহ সড়ক দূর্ঘটনার ঘটনা। এদিন সাতসকালে কোচবিহার থেকে নেপালের ইটভাটায় কাজে যাচ্ছিল কোচবিহারের ৭জন শ্রমিক সহ এক শিশুও। পুলিশের অনুমান কোয়ার্টার মোড়ে দাঁড়িয়ে থাকা এক লরিতে ধাক্কা দিয়ে নয়নজুলিতে পড়ে যায় বুলেরোটি। বিকট শব্দ শুনে স্থানীয়রা উদ্ধার কাজ শুরু করে। পরে নকশালবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এক শিশু সহ মোট ৯জনকে উদ্ধার করে। এর মধ্যে শ্রমিকদের সর্দার রসিদ মিঞার মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে নকশালবাড়ি হাসপাতালের পর উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ।

