কাবাডি খেলতে নেমেছিল ১৬ বছরের সঞ্জীব… ম্যাচের মাঝেই হঠাৎ কী হল?
দিনহাটা, ২৬ আগস্ট:
কাবাডির মাঠে তখন চলছিল জমজমাট ম্যাচ। খেলছিল ১৬ বছরের কিশোর সঞ্জীব সরকারও। কিন্তু আচমকাই খেলার মাঝেই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যু হল তার। মর্মান্তিক এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দিনহাটায়। শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
বুধবার দিনহাটা ২ নম্বর ব্লকের চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের কন্ট্রোলের হাট এলাকায় আট দলীয় কাবাডি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল সঞ্জীবদের দলও। প্রথম ম্যাচে তাঁদের প্রতিপক্ষ ছিল কালমাটি দল।
সঞ্জীবের দলের খেলোয়াড় প্রতাপ বর্মনের দাবি, ম্যাচ চলাকালীন কালমাটি দলের এক খেলোয়াড় দম দেওয়ার জন্য তাঁদের কোর্টে প্রবেশ করেন। সেই সময় তাঁকে আটকানোর চেষ্টা করছিল সঞ্জীব। আচমকাই অসুস্থ হয়ে পড়ে মাটিতে লুটিয়ে যায় সে।
পরিস্থিতি বুঝতে পেরে সতীর্থরা দ্রুত সঞ্জীবকে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছয় সাহেবগঞ্জ থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঠিক কী কারণে ওই কিশোরের মৃত্যু হল, তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর।
খেলার মাঠে এমন মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ কন্ট্রোলের হাট এলাকা। প্রিয় সঞ্জীবকে হারিয়ে পরিবার-পরিজন থেকে শুরু করে সতীর্থ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যেও নেমে এসেছে গভীর শোক।

