মাথাভাঙা , ১৩ জুলাই
আশাকর্মীদের উপর অতিরিক্ত কাজের চাপ কমানোর দাবিতে সোমবার মাথাভাঙা ১ নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি প্রদান করল আশাকর্মী ইউনিয়নের মাথাভাঙা শাখা। একই সঙ্গে ব্লক স্বাস্থ্য দফতরের সামনে বিক্ষোভ কর্মসূচিও পালন করেন আশাকর্মীরা।
আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তাঁদের মূল দায়িত্ব হল মা ও শিশুদের স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করা, গর্ভবতী মা ও নবজাতকের দেখভাল করা এবং এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সহযোগিতা করা। কিন্তু বর্তমানে তাঁদের উপর মূল কাজের বাইরে একের পর এক অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে।
ইউনিয়নের সদস্যরা জানান, তাঁদের দিয়ে ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত প্রকল্পের বিভিন্ন কাজ করানো হয়েছে। সেই কাজ তাঁরা দায়িত্ব নিয়ে সম্পন্ন করেছেন। কিন্তু এর পর আবার তাঁদের উপর ই-কেওয়াইসি (e-KYC) কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। অনেক আশাকর্মী এই প্রযুক্তিগত কাজ সম্পর্কে পর্যাপ্ত প্রশিক্ষণ না পাওয়ায় সমস্যার মুখে পড়ছেন। তাই তাঁরা এই অতিরিক্ত কাজ করতে রাজি নন বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
আশাকর্মীদের দাবি, স্বাস্থ্য পরিষেবার মতো গুরুত্বপূর্ণ কাজ যাতে ব্যাহত না হয়, তার জন্য তাঁদের উপর চাপিয়ে দেওয়া অতিরিক্ত কাজের বোঝা কমাতে হবে। পাশাপাশি নতুন কোনও কাজ দেওয়ার আগে পর্যাপ্ত প্রশিক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
এই দাবিগুলি তুলে ধরেই এদিন আশাকর্মীরা মাথাভাঙা ১ নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিকের কাছে স্মারকলিপি জমা দেন। পরে স্বাস্থ্য দফতরের সামনে বিক্ষোভ দেখিয়ে নিজেদের দাবি দ্রুত কার্যকর করার আহ্বান জানান তাঁরা।
আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁদের দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার বিষয়েও তাঁরা চিন্তাভাবনা করবেন।

