কোচবিহার , ১৪ জুলাই
কোচবিহার উৎসব অডিটোরিয়ামে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে বিশেষ আলোচনা সভা
কোচবিহার শহরের উৎসব অডিটোরিয়ামে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা, শিল্পী, সাহিত্যিক, কবি ও গুণীজনদের নিয়ে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেল পাঁচটা থেকে শুরু হওয়া এই সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার তথা কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক রথীন্দ্রনাথ বসু। এছাড়াও জেলার বিশিষ্ট কবি, সাহিত্যিক, শিল্পী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সাহিত্য, সংস্কৃতি, শিল্পচর্চার প্রসার, নতুন প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক চেতনা গড়ে তোলা এবং জেলার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। উপস্থিত কবি, সাহিত্যিক ও শিল্পীরা নিজেদের মতামত তুলে ধরেন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে একাধিক প্রস্তাবও রাখেন।
সভায় বক্তারা কোচবিহারের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে আগামী দিনে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

