মাথাভাঙ্গা, ১লা মে
শীতলকুচি ব্লকের রথেরডাঙ্গা বনচুকিটারি এলাকায় পুকুরের জলে ডুবে মৃত্যু হলো দুই ভাইয়ের। মৃত দুই ভাইয়ের নাম হাসানুর মিয়া এবং আসিদুল মিয়া। তাদের বাড়ি দিল্লির গাজিয়াবাদ এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে,সম্প্রতি মায়ের সঙ্গে শীতলকুচির বনচুকিটারিতে দাদুর বাড়িতে বেড়াতে এসেছিল হাসানুর ও আসিদুল। আগামী পরশু দিনই তাদের দিল্লিতে ফেরার কথা ছিল।আজ শুক্রবার নামাজের দিন হওয়ায় বাড়ির বড়রা নামাজ এবং কাজে ব্যস্ত ছিলেন, সেই সুযোগে দুই ভাই বাড়ির পাশে খেলতে খেলতে পুকুরে নেমে পড়ে। সাঁতার না জানায় পুকুরের গভীর জলে তলিয়ে যায় এবং মৃত্যু হয় তাদের।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শীতলকুচি থানার পুলিশ।পরে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।এদিকে মর্মান্তিক এই ঘটনায় কান্নায় ভেঙ্গে পড়েছে পরিবারের সদস্যরাও।

