মাথাভাঙ্গা ,২১ জুলাই
ভোটারদের সচিত্র পরিচয়পত্রের দাবিতে ১৯৯৩ সালের ২১ জুলাই অনুষ্ঠিত ঐতিহাসিক “মহাকরণ অভিযান”-এ তৎকালীন বামফ্রন্ট সরকারের পুলিশের গুলিতে নিহত ১৩ জন শহীদের স্মৃতির উদ্দেশ্যে মঙ্গলবার মাথাভাঙ্গা মহকুমা কংগ্রেস কার্যালয়ের সামনে শ্রদ্ধাঞ্জলি ও স্মরণসভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে কংগ্রেস নেতা-কর্মীরা শহীদদের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে এক মিনিট নীরবতা পালন করে শহীদদের আত্মার শান্তি কামনা করা হয়।
সভায় বক্তারা ২১ জুলাইয়ের ঘটনাকে পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক বেদনাবিধুর অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তাঁদের বক্তব্যে উঠে আসে, গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে প্রাণ উৎসর্গ করা ১৩ শহীদের আত্মত্যাগ আজও আন্দোলনের প্রেরণা হয়ে রয়েছে। পাশাপাশি, ওই আন্দোলনে আহত ও পঙ্গু হয়ে যাওয়া অসংখ্য আন্দোলনকারীর অবদানও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদস্য ও কোচবিহার জেলা আই,এন,টি,ইউ,সি সভাপতি বিশ্বজিৎ সরকার, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সদস্য ছায়ারাণী বর্মন ও সুব্রত মুখার্জি, মাথাভাঙ্গা মহকুমার বর্ষীয়ান কংগ্রেস নেতা সুরেশচন্দ্র বর্মন, যুব কংগ্রেস নেতা এরশাদ মিয়া, রাজু হোসেন, সঞ্জীত দে, পঙ্কজ রায়, রাসেল রব্বানী-সহ কংগ্রেস ও যুব কংগ্রেসের অন্যান্য নেতা-কর্মীরা।

