আলিপুরদুয়ার, ৭ ফেব্রুয়ারী :
প্রথমবার একই দিনে রাজ্যে হতে চলেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। একই সাথে দুই পরীক্ষা পরিচালনা নিয়ে চিন্তার ভাঁজ একাধিক স্কুল কর্তৃপক্ষের কপালে। আগামী ১২ ফেব্রুয়ারি রাজ্য জুড়ে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা।আর সেই দিনই মাধ্যমিক পরীক্ষার্থীদের ঐচ্ছিক বা অপশনাল বিষয়েরও পরীক্ষা। দুটি পরীক্ষারই সময়সীমা ভিন্ন, পাশাপাশি, উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা ও প্ৰথম বা কোনো এক সেমিস্টার না দেওয়া এবং তৃতীয় সেমিস্টারে ব্যাক পাওয়া,এছাড়া গত বছর উচ্চমাধ্যমিকে অনুর্ত্তীর্ণ পরিক্ষার্থীরাও সেদিন পরীক্ষা দেবে বলে স্কুল কর্তৃপক্ষ সূত্রে খবর। ফলে এই সকল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পৃথক প্রশ্নপত্র, পৃথক সব ব্যবস্থা করা। এছাড়া, সেদিনই মাধ্যমিকের শেষ পরীক্ষা থাকায় তাদের পরীক্ষারও আলাদা ব্যবস্থা করা, সব মিলিয়ে উচ্চমাধ্যমিক শুরুর দিন এক নতুন চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষকেরা বলে দাবি। শিক্ষকদের একাংশের কথায়, মাধ্যমিকের এই অপশনাল পরীক্ষা সব পরীক্ষা কেন্দ্রে না থাকলেও, যেই কেন্দ্রগুলোতে রয়েছে সেখানে বাড়তি ব্যবস্থা করতেই হবে। পাশাপাশি, গত বছর প্রায় ২৬ হাজার শিক্ষক চাকরি হারিয়েছেন,যার ফলে এমনিতেই আলিপুরদুয়ার জেলাজুড়ে শিক্ষকের ঘাটতি রয়েছে।এরমাঝে মাধ্যমিক পরিচালনাতেই হিমশিম খেতে হচ্ছে একাধিক স্কুল কর্তৃপক্ষকে বলে দাবি।এছাড়া দুটি পরীক্ষার সময়সীমাও ভিন্ন, ফলে বেল বাজানো নিয়েও বিভ্রান্তি তৈরি হতে পারে বলেও আশঙ্কা করছেন শিক্ষকেরা। এমন পরিস্থিতিতে একই দিনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের প্ৰথম পরীক্ষা পড়ায় কিছুটা হলেও চিন্তায় শিক্ষকেরা।
এ বিষয়ে এক শিক্ষক অভিষেক সরকার বলেন,উচ্চমাধ্যমিক পরীক্ষার প্ৰথম দিন,ফলে বাড়তি চাপ তো রয়েছেই।এছাড়া একই দিনে দুটো পরীক্ষা পরিচালনার জন্য বিভিন্ন দলও তৈরি করতে হবে। তবে এই শিক্ষকের ঘাটতির মাঝে তা আদৌ সম্ভব কী না, তা নিয়ে সংশয় রয়েছে।”
হ্যামিল্টনগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক ও মাধ্যমিকের হ্যামিল্টনগঞ্জ সেন্টারের সম্পাদক অরিন্দম মজুমদার বলেন, “একই দিনে দুটো পরীক্ষা সুষ্ঠু এবং সফলভাবে পরিচালনা আমাদের কাছে একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।এছাড়া এদিন মাধ্যমিকের শেষ পরীক্ষা থাকায় বেশ কিছু জায়গায় পরীক্ষা শেষে পড়ুয়ারা উচ্ছাসে মেতে ওঠে, সে কারণে যাতে কোনো সমস্যা না হয় সে জন্য পুলিশ প্রশাসনকে বাড়তি নজর দিতে আর্জি জানানো হয়েছে।”

