শিলিগুড়ি , ২৪ জুলাই
রেলের উচ্ছেদ নোটিশকে কেন্দ্র করে শিলিগুড়ি পুরনিগমের ২৮ নম্বর ওয়ার্ডে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে। উচ্ছেদের আগে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের বক্তব্য শোনার জন্য রেল কর্তৃপক্ষ ২৪ ও ২৭ জুলাই হিয়ারিংয়ের দিন নির্ধারণ করেছিল। তবে সেই শুনানির স্থান হিসেবে কাটিহারের নাম ঘোষণা হওয়ায় আপত্তি জানান এলাকার বাসিন্দারা।
বাসিন্দাদের দাবি, কাটিহার এত দূরে হওয়ায় সেখানে গিয়ে হিয়ারিংয়ে অংশ নেওয়া তাদের পক্ষে সম্ভব নয়। তাই সমস্ত শুনানি শিলিগুড়ির এডিআরএম (ADRM) কার্যালয়ে আয়োজন করার দাবি জানিয়ে শুক্রবার প্রাক্তন সিপিআই(এম) কাউন্সিলর জয় চক্রবর্তীর নেতৃত্বে ২৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একটি প্রতিনিধি দল শিলিগুড়ির এডিআরএম অফিসে স্মারকলিপি জমা দেয়।
প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়, উচ্ছেদের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের মতামত শোনা অত্যন্ত জরুরি। কিন্তু দূরবর্তী কাটিহারে গিয়ে শুনানিতে অংশ নেওয়া অধিকাংশ পরিবারের পক্ষেই সম্ভব নয়। তাই শিলিগুড়িতেই হিয়ারিংয়ের ব্যবস্থা করার আবেদন জানানো হয়।
এডিআরএম কার্যালয় থেকে প্রতিনিধি দলকে আশ্বস্ত করা হয়েছে যে, যাঁদের কাছে উচ্ছেদের নোটিশ পৌঁছেছে, তাঁদের হিয়ারিংয়ের জন্য কাটিহারে যেতে হবে না। বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।
রেল কর্তৃপক্ষের এই আশ্বাসে কিছুটা স্বস্তি ফিরেছে ২৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে। তবে উচ্ছেদ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত ও পরবর্তী পদক্ষেপের দিকে এখন নজর রয়েছে এলাকাবাসীর।

